পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব কার্যকরভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সভার বিষয়টি নিশ্চিত করেন।

সভায় দেশের পরিবেশ দূষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো, পানি ও মাটির দূষণ রোধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ ছাড়া পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ব্লক ইটের ব্যবহার বাড়ানো এবং আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সভায় মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজও উপস্থিত ছিলেন।